ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মো. আকিবুল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টা প্রতিহত করায় জাকিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া গ্রামের আ. লতিফের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ কার্যালয় জানায়, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে আকিবুলের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে আকিবুলকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকালে উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার খালপাড়ে একটি ফিশারির পাশে ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং মরদেহটি দুটি কলাগাছ দিয়ে ঢাকা ছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর সন্ধ্যায় আকিবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল স্বীকার করেছে যে জাকিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
ওসি আরও জানান, ঘটনার দিন জাকিয়া আকিবুলের সঙ্গে দেখা করতে গেলে আকিবুল অনৈতিক প্রস্তাব দেয়। এতে জাকিয়া বাধা দেয় এবং তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আকিবুল ক্ষিপ্ত হয়ে জাকিয়াকে গলাটিপে হত্যা করে এবং মরদেহ ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।
আদালতে আসামি আকিবুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
























