সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর পৌর এলাকার দত্তবাড়ি বিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু সেখের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা তারা সেখ ওরফে তারা খলিফা (৪২) এবং তার সহোদর পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন সেখ (২৩)। এদের মধ্যে তারা খলিফা গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।























