বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম কমে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মূলত মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা, শক্তিশালী ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে দরপতনের প্রভাবে স্বর্ণের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার দিনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে স্থির হয়, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ কম।
চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে, যা গত ২০ মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এছাড়া রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণে বিনিয়োগ কমিয়ে দিচ্ছেন, যা দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

























