তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুলসহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিকরা শিবু মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন। পরে তারা ওভারপাসসহ লিংক রোডের উভয় পাশের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে বর্তমান বেতনে পরিবার নিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়লেও পোশাক শ্রমিকদের বেতন দীর্ঘদিন ধরে বাড়েনি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন বলে উল্লেখ করেন।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকার পর অনেককে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।


























