রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা চালিয়েছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিকরা দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে সড়ক ফাঁকা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মিরপুর-১৪ নম্বরে জড়ো হয়ে ১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। পরবর্তীতে বেলা ১১টার দিকে মিরপুর-৬ নম্বর শিয়ারবাড়ী ও পূরবী এলাকার শ্রমিকরা মিরপুর-২ নম্বর দিয়ে আবারও ১০ নম্বর গোলচত্বরে যাওয়ার চেষ্টা চালালে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা হয়েছে জানিয়ে উপকমিশনার বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ জন এবং আজ দুপুর নাগাদ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান ও নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


























