রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের লক্ষ্যে বিকল্প স্থান ও হলিডে মার্কেট চালুর উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার দুপুরে ডিএনসিসি প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ আশ্বাসের কথা জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৈঠকে হকার্স ইউনিয়নের নেতারা মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, হকারদের জীবন-জীবিকার বিষয়টিকে গুরুত্ব দিয়েই মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরা এলাকায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। সেখানে নির্দিষ্ট স্থানে ৩০০ থেকে ৫০০ দোকান বসার সুযোগ তৈরি হলে ক্রেতারাও সহজে কেনাকাটা করতে পারবেন।
উচ্ছেদ অভিযানের যৌক্তিকতা তুলে ধরে শফিকুল ইসলাম খান বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন বাধ্য হয়েছে। ফুটপাত ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত দখলের কারণে সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ হয়ে পড়েছিল। তাই মিরপুর-১ ও ১০ নম্বরের ফুটপাতে আর কাউকে অবৈধভাবে বসতে দেওয়া হবে না; বরং তাদের পরিকল্পিত বিকল্প ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে।


























