বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে পরিচিতি পাওয়া শক্তিশালী খলঅভিনেতা মুকেশ ঋষি এবার ঢালিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে মুকেশ ঋষিকে। সিনেমাটির পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই তার বাংলাদেশে আসার কথা রয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, ‘নসিব’ সিনেমার মূল খলচরিত্রে অভিনয়ের জন্য মুকেশ ঋষিকে চূড়ান্ত করা হয়েছে। সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য ও সিক্যুয়েন্সের শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই তিনি ঢাকায় পৌঁছাবেন।
বলিউডের সিনেমায় খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি থাকলেও মুকেশ ঋষির অভিনয়ের পরিধি বেশ বিস্তৃত। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে আসছেন তিনি। নব্বইয়ের দশক থেকে ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন এই অভিনেতা।
বিশেষ করে ‘গুন্ডা’ সিনেমায় ‘বুল্লা’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান মুকেশ ঋষি। এবার ‘নসিব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন বলিউডের অভিজ্ঞ এই খলনায়ক।


























