দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ছবিটিতে রজনীকান্তের সাথে পর্দা ভাগ করছেন তরুণ জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। প্রধান দুই অভিনয়শিল্পীর বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর হওয়ায় ইতিমধ্যেই বিষয়টি সিনেমাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
অশ্বথ মারিমুথু পরিচালিত এ চলচ্চিত্রে রজনীকান্তকে এক নেতিবাচক বা ধূসর ঘরানার চিকিৎসকের চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে। সিনেমায় শ্রীলীলা ও রজনীকান্ত ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, সিমরন, যোগী বাবু ও রাশি খান্না। ছবির সুর ও সংগীত পরিচালনায় আছেন অনিরুদ্ধ রবিচন্দর।
বর্তমানে তামিল ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করছেন শ্রীলীলা। বেশ কিছু বড় প্রজেক্টের ভিড়ে রজনীকান্তের বিপরীতে অভিনয় তাঁর ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিল মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

























