বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র কন্যা রাহা কাপুর। মাত্র চার বছর বয়সেই বাবা-মায়ের দেখানো পথে হেঁটে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ দেখা যাবে এই ক্ষুদে তারকাকে। খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং বাবা রণবীর কাপুর।
ভারতীয় এক বিনোদন মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রামায়ণ’ সিনেমার শুটিংয়ে একটি বিশেষ দৃশ্যে অংশ নিয়েছে রাহা। সেই সূত্রে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের মতো তারকাদের সঙ্গে একই চলচ্চিত্রে নাম জুড়তে যাচ্ছে তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ছোটবেলা থেকেই রামায়ণের গল্পের প্রতি গভীর আগ্রহ রয়েছে রাহার। তিনি ও আলিয়া প্রায়ই মেয়েকে রামায়ণের গল্প শোনান। সেই কৌতুহল থেকেই শুটিং সেটে যাওয়ার বায়না ধরত সে।
রণবীর বলেন, ‘রাহা বহুবার সেটে এসেছে। সেখানে গিয়ে সাই পল্লবী ও রবি দুবের সঙ্গে একটি শটেও অংশ নিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে রূপালি পর্দায় এটিই হতে পারে তার দেখা প্রথম কোনো গল্প। আমি চাই সে সিনেমাটি বড় পর্দায় দেখুক।’
অভিনেতা আরও জানান, শুটিং শেষ করে বাড়ি ফিরলেই নানা প্রশ্নবাণে বাবাকে বিদ্ধ করত রাহা। কখনো জানতে চাইত সেদিন হনুমানের সঙ্গে শুটিং হয়েছে কি না, আবার কখনো জানতে চাইত সীতার সঙ্গে কোনো দৃশ্য ছিল কি না।
তবে রাহার শুট করা দৃশ্যটি চূড়ান্ত চলচ্চিত্রে রাখা হবে কি না, সে বিষয়ে নির্মাতারা এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি।
এদিকে আগামী ৬ নভেম্বর চার বছরে পা রাখছে রাহা। মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে রণবীর-আলিয়া দম্পতির উচ্ছ্বাসের শেষ নেই। রাহাকে জীবনের পরম আলো উল্লেখ করে অভিনেতা জানান, এবারের উৎসব ও জন্মদিন তাদের পরিবারের জন্য অন্যরকম বিশেষ এক রূপ নিয়ে আসছে।

























