চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা কাটাতে নিজেদের অবস্থান শিথিল করেছেন শিক্ষকরা। এতদিন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় থাকলেও, এখন চুয়েটের যেকোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার নতুন প্রস্তাব দিয়েছেন তাঁরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে শিক্ষক সমিতির নেতারা এই নতুন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, চুয়েটের অচলাবস্থা নিরসনে তাঁরা দ্রুত সমাধান চান। এখন তাঁদের মূল দাবি, নতুন উপাচার্য যেন অবশ্যই চুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই মনোনীত হন।
তিনি আরও বলেন, সরকার চাইলে অধ্যাপক সায়েমকে বহাল রাখতে পারে কিংবা চুয়েটের অন্য যেকোনো যোগ্য শিক্ষককে দায়িত্ব দিতে পারে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, চুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণের দাবিতে আন্দোলন জোরদার করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ক্যাম্পাসে মতবিনিময়সভা শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন এবং ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’ স্লোগান দিয়ে বর্তমান ভিসিকে প্রত্যাখ্যান করেন।
পুরকৌশল বিভাগের শিক্ষার্থী নাফিস হাসান জানান, দীর্ঘদিন ধরে চুয়েটে প্রাতিষ্ঠানিক কার্যক্রম থমকে আছে। অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
প্রসঙ্গতঃ গত ২১ সেপ্টেম্বর চুয়েট উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষক-কর্মকর্তারাও কর্মবিরতি পালন শুরু করায় চুয়েট অচল হয়ে পড়ে। পরবর্তীতে গত ২৮ অক্টোবর থেকে ক্লাসে এবং ১৫ নভেম্বর থেকে পরীক্ষায় অংশ নিতে শুরু করেন শিক্ষার্থীরা।


























