ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের পরিকল্পনা করলে চীনকে বড় ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের প্রেক্ষাপটেই ট্রাম্প এই কড়া বার্তা দিলেন।
ফ্লোরিডা সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুনরায় সচল করতে তারা চীনের দ্বারস্থ হয়েছে।
আগামী মাসেই বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে ট্রাম্পের এই হুমকি দুই পরাশক্তির কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 



















