সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাইহীন তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বিশ্ব মুসলিমের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন পবিত্র মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ সালেহ বিন হুমাইদ। সম্প্রতি জুমার খুতবায় তিনি এ বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
খুতবায় শেখ সালেহ বলেন, যারা সমাজে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর কাজে লিপ্ত হন, তাদের প্রত্যেককেই এর জন্য নৈতিকভাবে দায়ী থাকতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যেই মানুষের প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় উল্লেখ করে তিনি মুসল্লিদের ধর্মীয় বিশ্বাস ও আমলে অটল থাকার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি পার্থিব জটিলতা নিয়ে অতিরিক্ত মগ্ন না হয়ে সর্বদা সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
ইমাম আরও উল্লেখ করেন, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর এবং এটি একটি বড় ধরনের পাপ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ এ ধরনের সতর্কতা আরও জোরদার করেছে। দেশটির আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
রিপোর্টারের নাম 
























