রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে সামাজিক বন বিভাগের গাছ অবাধে কেটে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয় বন রক্ষা কমিটির সদস্যদের পাশ কাটিয়ে বিট কর্মকর্তা মজিবুর রহমানের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই বন নিধন চলছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, জব্দকৃত ২০টি মূল্যবান গাছের গুঁড়ি বিট অফিসের হেফাজত থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।
সরেজমিনে তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চোর চক্র রাতের আঁধারে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। বন রক্ষা কমিটির সভাপতি ও সদস্যরা অভিযোগ করেছেন যে, গাছ কাটার খবর দেওয়ার পরও বিট কর্মকর্তা কার্যকর কোনো ব্যবস্থা নেন না। বরং অসাধু চক্রের সঙ্গে সখ্যতা বজায় রেখে বনের সম্পদ লুটপাটে সহযোগিতা করছেন। মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চালিয়ে দু-একটি গাছ উদ্ধার করা হলেও মূল পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।
দেড় দশক আগে রোপণ করা এই বনের গাছগুলো এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বনের কাঠ বিক্রির বড় একটি অংশ অসাধু কর্মকর্তা ও দালালের পকেটে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এই বন বাঁচাতে এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
রিপোর্টারের নাম 
























