স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে বর্তমানে গণনা চলছে। বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে মোট ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে।
এ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী হিসেবে আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চলাকালীন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন এবং রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড মোতায়েন ছিল।
১৫০টি কেন্দ্রে বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ৪২.৪৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রিপোর্টারের নাম 



















