কুষ্টিয়ায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে আব্দুল আওয়াল (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন (৩০) এবং আব্দুল আওয়ালের মধ্যে পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া শুরু হয়। শাহানা তার স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে প্রতিবাদ করলে আব্দুল আওয়াল ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী শাহানার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই শাহানা মারা যান। ঘটনার সময় নিহতের মা তাকে ঠেকাতে গেলে আব্দুল আওয়াল তাকেও হাসুয়া দিয়ে আঘাত করে। প্রতিবেশীরা ছুটে এসে আব্দুল আওয়ালকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং আব্দুল আওয়ালকে থানায় নিয়ে যায়। নিহতের বড় ভাই শফিউদ্দিন বাদী হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে পুলিশ আব্দুল আওয়ালের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মাহমুদ হাসান রাছেল লিটন।
রিপোর্টারের নাম 























