সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় ভোজ্য তেলের ডিলার মেসার্স সঞ্জয় এ্যান্ড ব্রাদার্স-এর ১১টি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত জানান, সঞ্জয় এ্যান্ড ব্রাদার্স ভোজ্য তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক তথ্যে দুটি গোডাউনের কথা জানা গেলেও অনুসন্ধানে মোট ১১টি গোডাউনের সন্ধান মেলে, যেখানে বিভিন্ন পণ্যের মজুদ ছিল। ডিলার কর্তৃক এই তথ্য গোপন করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্যের বিপণন) ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা) ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ডিলারের কাছ থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল ও অন্যান্য খাদ্যপণ্য মজুদ পাওয়া গেছে। তিনি যথাযথ আইন অনুসরণ করেননি। বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে এই অভিযান প্রয়োজন ছিল। তিনি আরও জানান, বাজারে প্রচুর ভোজ্য তেল মজুদ আছে এবং কেউ যদি তেল না পেয়ে থাকেন তবে তাদের অভিযোগ জানাতে উৎসাহিত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















