স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করলে জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের টিকার মজুত স্থিতিশীল আছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে এই টিকা দেওয়া শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন যে, পূর্ববর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল, তবে সরকার সেই সংকট কাটিয়ে উঠছে। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই এবং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা সম্ভব হয়েছে।
তিনি সংসদে আরও জানান যে, যারা গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না, তাদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা শুরু হয়েছে এবং অন্যান্য সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সংসদে আরও জানান, ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে এবং মজুতও পর্যাপ্ত রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকাদান কার্যক্রম চালানোর জন্য ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভায়ালে ১০ ডোজ টিকা দেওয়া যায়। হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের জন্য সরকার সর্বমোট ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে এবং কোল্ড চেইন রক্ষা করা হচ্ছে। তিনি হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান।
রিপোর্টারের নাম 



















