গাইবান্ধার পলাশবাড়ীতে এক কলেজছাত্রকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত মো. মিরাজ হোসাইন (২১) কে প্রথমে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও, তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মিরাজের মা মোছা. সেলিনা বেগম বাদী হয়ে গত ৭ এপ্রিল পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মিরাজ হোসাইন পৌর শহরের সরকার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নিতে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে নুনিয়াগাড়ী এলাকায় ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আপন মিয়া (২০), সৌরব মিয়া (১৯) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তার উপর হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে তারা মিরাজকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের পানি উন্নয়ন বোর্ডের মাঠে নিয়ে যায়।
সেখানে হামলাকারীরা লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আপন মিয়ার নির্দেশে তারা মিরাজের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা গলা টিপে শ্বাসরোধের চেষ্টাও করেছিল। মিরাজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























