চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত সে রডের ওপর পড়ে যায়। ঘটনার পর আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়ান মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে ওই মাদরাসার পাশের হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে রায়ান বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল। এ সময় পা ফসকে সে ভবনের ছাদের একটি কলামের রডের ওপর পড়ে যায়, যা তার পেটে ঢুকে যায়।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। তার পেটে রড ঢুকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পরিবার। ইসিজিতে কোনো হার্টবিট না পাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত নিশ্চিত করেছেন যে, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পায়ুপথ দিয়ে পেটে রড ঢোকার আলামত পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 
























