যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্যার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তার বাবা ও বোনকে নিয়ে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে একদল যুবক ফারুক হোসেনকে বেধড়ক মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা জানান, তার বড় ভাই ফারুক হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর তিনি বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তার ভাইকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, চোর সন্দেহে পিটিয়ে আহত এক যুবককে নূরবাগ ইজিবাইক স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























