এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার পতনের জন্য গণঅভ্যুত্থান ঘটাতে ভোট বা দলের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় গণমানুষের ইচ্ছার। তিনি স্মরণ করিয়ে দেন যে, নাহিদ, আসিফ, হাসনাত, সারজিসের মতো যারা ঢাকা ব্লকেডের ডাক দিয়েছিলেন, তখন তাদের কোনো ভোট বা দল ছিল না।
এক ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদের মতো নেতারা দেশেই ছিলেন না। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছিলেন, ‘ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই’। এছাড়া, বিএনপির আমীর খসরু, রুহুল কবির রিজভীসহ হাজার হাজার নেতাকর্মী তখন কারাবন্দী ছিলেন।
তিনি আরও বলেন, জামায়াত-শিবির তখন নিষিদ্ধ ছিল এবং তাদের শীর্ষ নেতারাও বন্দী ছিলেন। তিনি নিজে, ব্যারিস্টার আন্দালিব পার্থ, নুরুল হক নুরসহ অনেকেই রিমান্ডে ছিলেন। জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্নার মতো নেতারা তখন আত্মগোপনে ছিলেন। এতকিছুর পরেও, তাদের সকলের উপস্থিতি ছাড়াই ছাত্ররা গণঅভ্যুত্থান সফল করতে পেরেছে।
সুতরাং, কে কত ভোট পেল, কার কত বড় দল, বা সংসদে কার কত আসন, এসবের বাহাদুরি করে লাভ নেই। গণঅভ্যুত্থানের জন্য এসবের কোনো মূল্য নেই। জুলাইয়ের ঘটনা এটাই প্রমাণ করেছে এবং প্রয়োজনে এটি আবার প্রমাণ করবে।
রিপোর্টারের নাম 
























