দক্ষিণ লেবাননে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ৯০ জন সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে চালানো বিভিন্ন হামলায় এসব যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যার পাশাপাশি গোষ্ঠীটির বেশ কিছু সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি করেছে তেল আবিব।
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর জোরালো হামলা অব্যাহত রেখেছে। গত মার্চের শুরুর দিকে হিজবুল্লাহর রকেট হামলার পর থেকেই ইসরায়েল তাদের সামরিক তৎপরতা ও আগ্রাসন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এই ক্রমবর্ধমান হামলার ফলে লেবাননে এক ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলার মুখে এখন পর্যন্ত লেবাননের প্রায় ১২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























