ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার মাঠের বাইরেও এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। স্পেনের কাতালুনিয়ার ঐতিহ্যবাহী ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা কিনে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত ইউই কর্নেল্লা স্প্যানিশ ফুটবলে তরুণ প্রতিভাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই ক্লাবের একাডেমি থেকেই জর্দি আলবা, জাভি পুয়াদো, ডেভিড রায়া এবং জেরার্ড মার্টিনের মতো অনেক পরিচিত ফুটবলার উঠে এসেছেন।
বার্সেলোনার সঙ্গে মেসির গভীর সম্পর্ক এবং তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নের প্রতি তার আগ্রহ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ প্রতিভা অন্বেষণ ও বিকাশের প্রতি মেসির আগ্রহ নতুন নয়। গত ডিসেম্বরে মিয়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ‘মেসি কাপ’ আয়োজনের মাধ্যমে তিনি তার এই আগ্রহের প্রকাশ ঘটিয়েছিলেন। এবার সরাসরি একটি ক্লাবের মালিকানা গ্রহণ করে তিনি তার এই পরিকল্পনাকে আরও বড় পরিসরে বাস্তবায়নের পথে হাঁটলেন। জানা গেছে, ক্লাবটির উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চান মেসি, যেখানে স্থায়িত্ব, আধুনিক কাঠামো এবং ক্লাবের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার ওপর জোর দেওয়া হবে।
মেসির মালিকানায় আসার পর ইউই কর্নেল্লার সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ক্লাব কর্তৃপক্ষও আশাবাদী যে, মেসির অভিজ্ঞতা ও দূরদর্শিতা ক্রীড়াঙ্গন ও প্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনবে।
রিপোর্টারের নাম 

























