সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিগত সরকার বিভিন্ন অনুদান প্রদানের ক্ষেত্রে যে সমস্ত মানদণ্ডে সুবিধাভোগী নির্বাচন করেছে, তার ৭০ শতাংশই ভুয়া। বর্তমান সরকার এই ত্রুটিগুলো সংশোধন করছে বলেও তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এতিমখানার দায়িত্বে যারা রয়েছেন, তারা যেন শিশুদের নিজের সন্তানের মতো করে লালন-পালন করেন।
শনিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি তার নির্বাচনি ইশতেহারে যা বলেছে, তা অক্ষরে অক্ষরে পালন করবে। আমরা নিয়মের মধ্যে সবকিছু করতে চাই। বিএনপি জানে, রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে হয় না। তিনি আরও বলেন, এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসন করে মূল স্রোতধারায় সম্পৃক্তকরণে সরকার কাজ করছে।
মন্ত্রী উল্লেখ করেন, জাতীয় সনদ, যেটি সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি সই করেছে, তা একটি জাতীয় দলিল। বিএনপি সেটিকে সম্মান করে এবং তা বাস্তবায়ন করবে। নির্বাচনের পূর্বে বিএনপি যে ইশতেহার দিয়েছে, জনগণ তাতে সমর্থন দিয়েছে, যার ফলে দলটি ক্ষমতায় এসেছে। যে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, সেই জনগণের সঙ্গে কখনো প্রতারণা করা হবে না। যারা ছলচাতুরীর অভিযোগ তোলে, তাদের অতীতই তাদের জবাব দেয়—কারণ বিএনপি যা বলে, তাই করে, এটাই তাদের ইতিহাস।
এ ছাড়াও তিনি নির্দেশ দেন, সমাজসেবা ও অন্যান্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেন এতিম শিশুদের নিয়মিত সরেজমিনে পরিদর্শন করেন। এতিম শিশুদের সঙ্গে কোনো অবস্থাতেই দুর্ব্যবহার করা যাবে না—এই বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি মানবিকতার চিরন্তন বাণী উচ্চারণ করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
রিপোর্টারের নাম 
























