দেশজুড়ে চলমান তাপদাহের তীব্রতা ও পরিধি কমতে শুরু করেছে। তৃতীয় দিনের মতো শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেলেও, এর আওতা অনেকটাই সংকুচিত হয়েছে। একইসঙ্গে দেশের সর্বোচ্চ এবং রাজধানীর তাপমাত্রাও আগের দিনের তুলনায় কিছুটা কমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের ১৫টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে, যা শুক্রবার ছিল ২৭টি জেলায়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রোববার ও সোমবার তাপমাত্রা আরও কমে আসতে পারে এবং মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এতে আগামী কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না।
শনিবার খুলনা বিভাগের ১০টি জেলার পাশাপাশি টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলায় তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, যা আগের দিন ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ নাজমুল হক আরও বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহের সাথে মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই দুই বছরের মতো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ বলা হয়।
রিপোর্টারের নাম 
























