নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকার পিটালিপুলে একটি রড মিল সংলগ্ন গুদামে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামের ভেতর হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুট দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় গুদামের ভেতর এক ব্যক্তি আটকা পড়লেও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম হুদা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের প্রাণহানি বা আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে গুদামে থাকা ঝুটের বেলসহ অধিকাংশ মালামাল ভস্মীভূত হয়েছে।
রিপোর্টারের নাম 

























