দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল থামছেই না। গত মার্চ মাসে সারাদেশে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। একই সময়ে রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ জন এবং নৌ-পথে ৯টি দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে মার্চ মাসে যোগাযোগ খাতের বিভিন্ন দুর্ঘটনায় মোট ৬৮২ জন নিহত হয়েছেন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, মোট সড়ক দুর্ঘটনার মধ্যে ৩৬ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এই মাসে ২২২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৭ জন নিহত হয়েছেন। বিভাগীয় হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা (১৬০টি) এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা (৩০টি) রেকর্ড করা হয়েছে। নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনায় কবলিত যানবাহনের মধ্যে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান এবং বাসের সংখ্যা উল্লেখযোগ্য। এছাড়া ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা এবং সিএনজি অটোরিকশাও বড় পরিসরে দুর্ঘটনার কবলে পড়ছে। যাত্রী কল্যাণ সমিতির মতে, সংবাদপত্রে প্রকাশিত তথ্যের বাইরেও অনেক দুর্ঘটনা থেকে যায়, যা হিসেবে আনলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রিপোর্টারের নাম 
























