শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতারের পর পশ্চিমবঙ্গ পুলিশ ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। এই ঘটনার মধ্যেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ব্যাপক হারে ছড়িয়ে পড়ে।
সেই ফটোকার্ডে দাবি করা হয়, হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে।’
তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত এই মন্তব্যটি হাসনাত আবদুল্লাহ করেননি। প্রকৃতপক্ষে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে এই দাবিটির সূত্রপাত হয়, যা পরে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। এমনকি হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, পেজের ধরনে উল্লেখ রয়েছে, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটিতে এমন আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছিল।
রিপোর্টারের নাম 

























