জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এই তথ্য নিশ্চিত করেছেন। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন এবং শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। সেই সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ফয়সাল।
উল্লেখ্য, এই মামলায় ২০২৪ সালের ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
রিপোর্টারের নাম 




















