রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারও এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে চলেছে। ব্যাংকার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসর শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মোট ১৬টি ব্যাংক দল অংশ নেবে।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকসহ রাজশাহীতে কার্যরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ব্যাংকার্স ক্লাব রাজশাহী ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা সময়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর অন্যতম আকর্ষণীয় ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। ব্যাংকাররা সপরিবারে মাঠে এসে খেলা উপভোগ করায় এই আসরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এবারের আসরের খেলাগুলো সাপ্তাহিক ছুটির দিন—শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলা নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখের দিনও ম্যাচ আয়োজন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল। এবারের আসরের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন ক্লেমন ক্রিকেট একাডেমি। আয়োজকরা প্রত্যাশা করছেন, ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের এবারের আসরও রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য একটি জমজমাট আয়োজন হয়ে উঠবে।
রিপোর্টারের নাম 

























