জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা ধসে পড়ার ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফির নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীরা সেমিনার কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ ছাদের প্লাস্টার খসে পড়লে তাদের ওপর পড়ে। এতে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে মারাত্মক আঘাত লাগে। দ্রুত তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিনিধিরা জানান, ক্যাম্পাসের অধিকাংশ ভবনই বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ভবনগুলো সংস্কারের দাবি তুলেছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্লাস্টিকের ফলস সিলিং থাকার কারণে ছাদের মূল ফাটলগুলো আগে শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে সব ফলস সিলিং খুলে ফেলার কাজ চলছে এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















