নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্স না থাকার কারণে দুটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে এবং স্বাস্থ্যসেবার বাইরে অন্য কর্মকাণ্ড পরিচালনার প্রমাণ পাওয়ায় একটি হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয় বলে সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন নিশ্চিত করেছেন। অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাওসারী আক্তার, সিভিল সার্জন আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এবং বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খবির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
হাসপাতালগুলোর লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র, ডাক্তার এবং নার্সের অভাব এবং সামগ্রিক অব্যবস্থাপনার কারণে তিনটি মামলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ইডেন হাসপাতালকে জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন আরও জানান, লাইসেন্সের বৈধ কাগজপত্র না থাকায় ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা, হলি কেয়ার হাসপাতালকে ১ লক্ষ টাকা এবং ইডেন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইডেন হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়। তিনি আরও বলেন, পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জেলা সিভিল সার্জনের কাছ থেকে বৈধ কাগজপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















