কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেল মজুদের অভিযোগে মিরাজুল ইসলাম মিরাজ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার সেন্টার মোড় এলাকায় ওই ব্যবসায়ীর জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুতের অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জ্বালানি তেল মজুদের অভিযোগে উপজেলার সেন্টারমোড় এলাকায় ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ এবং মজনুর দোকান ও বাড়িতে তল্লাশি অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিরাজের দোকানে ২১৪ লিটার পেট্রোল অবৈধভাবে মজুত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান চলাকালে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুতসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 



















