চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ওবায়দুল্লাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের খাঁ দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হজ পালন শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসটির সঙ্গে একটি দ্রুতগামী ডেলিভারি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওবায়দুল্লাহ নিহত হন। নিহত ওবায়দুল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার লিঙ্গাপাড়া এলাকার শামসুল আলমের ছেলে এবং ঈদগড় এ.এম.বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), বোনের স্বামী ইয়াছিন আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির কাভার ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা নোহা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল বাতিন সালাফি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 



















