মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের মেক্সিকো ও কানাডা আয়োজিত আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি মেক্সিকোর একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে দৃঢ়ভাবে বলেছেন, ‘আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বিকল্প কোনো পরিকল্পনা নেই, আমাদের শুধু একটিই পরিকল্পনা আছে, আর তা হলো প্ল্যান এ।’
ফিফা সভাপতি আরও জানান, ইরান যেন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সবচেয়ে ভালো পরিবেশ পায়, তা নিশ্চিত করা ফিফার দায়িত্ব। তিনি বলেন, এই দলটি শুধু ইরানে বসবাসরত সাধারণ মানুষেরই নয়, বিদেশে থাকা ইরানিদেরও প্রতিনিধিত্ব করে। বিশ্ব ফুটবলের এই প্রধান কর্মকর্তা ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার গুঞ্জনকেও উড়িয়ে দেন। তিনি উল্লেখ করেন যে, সূচি চূড়ান্ত হয়ে গেছে এবং ফিফা সেই অনুযায়ী এগোতে চায়। ইনফান্তিনো বিশ্বাস করেন, ফুটবলের শক্তি দেশগুলোর মধ্যে শান্তি ও সেতুবন্ধন তৈরি করতে সক্ষম এবং ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, যদিও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল।
সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে এবং সিয়াটলে মিসরের বিরুদ্ধে অনুষ্ঠিত হওয়ার কথা। তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প অ্যারিজোনার টুসান শহরে নির্ধারিত আছে। তবে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ নিরাপত্তার অভাবে যুক্তরাষ্ট্রে যেতে অনীহা প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 



















