মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান লাস ভেগাস শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট অল্প আঘাত নিয়ে প্রাণে বেঁচে গেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) নেভাদা অঙ্গরাজ্যের ইন্ডিয়ান স্প্রিংস এলাকার প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে, নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, যেহেতু দুর্ঘটনা স্থলটি একটি সম্পূর্ণভাবে সীমাবদ্ধ সামরিক এলাকা, তাই আশপাশের কোনো জনবসতিতে এর কোনো প্রভাব পড়েনি।
দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বর্তমানে সামান্য আঘাতের জন্য চিকিৎসাধীন রয়েছেন। বিমানবাহিনী সূত্রে জানা গেছে, তার জীবন শঙ্কামুক্ত।
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে জরুরি সেবা দল দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। বিমানবাহিনীর এক মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে, তাদের কর্মী ও স্থানীয় জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।
উল্লেখ্য, এফ-৩৫ লাইটনিং-২ হলো পঞ্চম-প্রজন্মের একটি স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান, যা যৌথ স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের অধীনে তৈরি করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম। এই বিমানটি এয়ার-টু-এয়ার ও এয়ার-টু-গ্রাউন্ড মিশন সম্পন্ন করতে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করতে এবং গোয়েন্দা, নজরদারি ও পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ করতে সক্ষম।
রিপোর্টারের নাম 





















