ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তার দেশ প্রস্তুত। তিনি বলেছেন, প্রয়োজনে এই যুদ্ধ ছয় মাস বা তারও বেশি সময় ধরে চালানো সম্ভব। তেহরানে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন যে, ইরান কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করবে না এবং শত্রুদের চাপিয়ে দেওয়া সময়সীমাও মানবে না।
পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো সরাসরি আলোচনা বা চুক্তি হয়নি। তবে কিছু বার্তা আদান-প্রদান হচ্ছে, যা আনুষ্ঠানিক আলোচনার সমতুল্য নয়। সমস্ত যোগাযোগ রাষ্ট্রীয় চ্যানেলের মাধ্যমে এবং নিরাপত্তা কাউন্সিলের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো যুদ্ধ চায়নি, কিন্তু নিজেদের স্বার্থ রক্ষায় তারা দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলছে। হরমুজ প্রণালী বন্ধ করা হলেও তা কেবল আগ্রাসী রাষ্ট্রের জাহাজগুলোর জন্য প্রযোজ্য। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, শত্রুরা যদি অবকাঠামোগুলোতে হামলা চালায়, তবে তাদেরও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।
আরাঘচি আরও বলেন, ইরানের লক্ষ্য কেবল নিজেদের দেশ নয়, বরং পুরো অঞ্চলেই শান্তি স্থাপন করা। যুদ্ধকালীন সময়ে ইরান শুধুমাত্র মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কোনো বন্ধুত্বপূর্ণ দেশকে টার্গেট করছে না। তিনি স্মরণ করিয়ে দেন যে, দীর্ঘমেয়াদী নিরাপত্তা অর্জনের জন্য এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার উপর নির্ভর করতে হবে, কোনো বিদেশি শক্তির উপর নয়।
রিপোর্টারের নাম 
























