বর্তমান সময়ে রিজিক বা জীবিকা নিয়ে দুশ্চিন্তা অধিকাংশ মানুষের একটি প্রধান সমস্যা। অনেকেই মনে করেন, রিজিক মানেই কেবল টাকা-পয়সা এবং বরকত মানেই কেবল সংখ্যায় বৃদ্ধি। কিন্তু এই প্রচলিত ধারণাগুলো কতটা সঠিক? এই প্রশ্নগুলোর উত্তর এবং রিজিক ও বরকত সম্পর্কিত নানা ভুল ধারণার সঠিক সমাধান নিয়ে লিখেছেন মিরাজ রহমান তার নতুন বই ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’ তে। বইটি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রিজিক ও বরকতের গভীর রহস্য উন্মোচন করেছে।
বইটির প্রথম অধ্যায়ে রিজিক সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে কুরআন ও সুন্নাহর আলোকে রিজিকের প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে বরকত নিয়ে – কেন মানুষের জীবন থেকে বরকত চলে যায় এবং কীভাবে তা লাভ করা যায়। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত অংশ হলো তৃতীয় অধ্যায়, যেখানে রিজিক ও বরকত অর্জনের জন্য কুরআন-হাদিসভিত্তিক আমল, দোয়া এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
বইটির বিশেষত্ব হলো, এটি কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ থাকেনি, বরং জীবনে প্রয়োগযোগ্য বাস্তব দিকনির্দেশনাও প্রদান করেছে। যারা মনে করেন, সবকিছু থাকার পরও জীবনে শান্তি নেই, তাদের জন্য এই বইটি বিশেষভাবে উপকারী হতে পারে। সর্বোপরি, বইটি পাঠকের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনতে এবং রিজিক ও বরকত সম্পর্কে একটি সঠিক ও পরিপূর্ণ ধারণা দিতে সক্ষম। বাংলা ভাষায় রিজিক ও বরকত নিয়ে এত সমৃদ্ধ ও তথ্যবহুল বিশেষায়িত বই বিরল।
মিরাজ রহমানের এটিসহ মোট ১২টি বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ছোটদের নবী-রাসুল সিরিজ’, ‘হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা’, ‘প্রোডাক্টিভ মুসলিম’, ‘মুসলিম সভ্যতার ১০০০ আবিষ্কার’, ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’ এবং ‘উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)’। তিনি রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেরা লেখক সম্মাননা পুরস্কার লাভ করেছেন। ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’ বইটি ২০২৬ সালের একুশে গ্রন্থমেলায় সুলতানস (SULTAANS) প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে।
রিপোর্টারের নাম 
























