নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে দশটার দিকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করেন। তবে, এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, স্থানীয় সুপার স্টার কারখানার ওয়েস্টিজ মাল নামানোকে কেন্দ্র করে দুটি স্থানীয় গ্রুপের মধ্যে কিছুদিন ধরে ঝামেলা চলছিল। আজ সকালে একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে কারখানার সামনে আসলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। তখন দৌড়ে পালানোর সময় তারা এই অস্ত্র ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সুপার স্টার কারখানার ওয়েস্টিজ মাল হামজা নামের একজন ব্যক্তি নামিয়ে থাকেন। আজ সকালে ট্রাকে মাল লোড করার সময় প্রতিপক্ষ আরেকটি গ্রুপ এসে এলাকায় ঝামেলা শুরু করে। তখন হামজার লোকজন তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























