ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে এই মামলা করেন সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।
মামলাটি শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবীর কর্নেল ও এপিপি ইন্দ্রজিত সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে এপিপি হামিদুল ইসলাম দুলাল জানান, আমির হামজা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খ্যাতি ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে বক্তব্য প্রদান করেন। আমির হামজার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ঐতিহ্য বিনষ্টসহ মানহানি হয়েছে। এই ঘটনায় দেশ-বিদেশে তার সম্মানহানি হয়েছে। আমির হামজা মানহানিকর বক্তব্য প্রদান করে ১০০ কোটি টাকার মানহানিসহ সম্মানহানি করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে গ্রহণ করে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























