কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে সাহাবুল ইসলাম মন্ডল নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া এলাকার আসাদুল প্রামানিক কালু, মাঝিরহাট খাঁপাড়া এলাকার আবু তাহের, মিটন পশ্চিমপাড়া এলাকার হাবিল হোসেন এবং মিটন পশ্চিমপাড়া এলাকার মিলন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এই রায় ঘোষণা করেন। চার আসামির মধ্যে আবু তাহের ছাড়া বাকি তিনজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো. এনামুল হক।
আদালত সূত্রে জানা যায়, নিহত সাহাবুল ইসলাম মন্ডল ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে তার ছেলেকে নিয়ে স্থানীয় বাজারে যান। পরে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। রাতে পরিবারের সদস্যরা সাহাবুলের খোঁজ না পেয়ে ফোন করলে তা বন্ধ পান। পরদিন স্থানীয়রা বুরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ধৈঞ্চা ক্ষেতে সাহাবুলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত সাহাবুলের স্ত্রী মোছা. সুমি খাতুন অজ্ঞাতনামাদের আসামি করে মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২১ সালের ৬ অক্টোবর দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০২ ধারার সাথে ৩৪ ধারার অধীনে অভিযোগ গঠন করা হয়।
রিপোর্টারের নাম 

























