হবিগঞ্জের লাখাইয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নয়ছয় করার অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে তিন বস্তা চালসহ আটক করেছে সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে সুবিধাভোগীদের চাল আত্মসাৎ করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
রোববার বিকেলে উপজেলার করাব গ্রামের কদমতলী এলাকা থেকে টমটমে করে চালগুলো হবিগঞ্জ শহরে পাচার করার সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে ধরে ফেলে। জাকারিয়া চৌধুরী রতন করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই জাকারিয়া চৌধুরী অনিয়ম করে আসছিলেন। তিনি নিয়মিতভাবে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ না করে প্রায়ই তা আত্মসাৎ করতেন এবং এর আগেও চাল পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং তার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।
রিপোর্টারের নাম 

























