জুনিয়র বিশ্বকাপ হকি আসর দ্রুতই ঘনিয়ে আসছে। আর মাত্র ১৯ দিন পরেই ভারতের চেন্নাই ও মাদুরাই শহরে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি খেলোয়াড়দের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। ২৪ দলের এই মর্যাদার আসরে এবারই প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে, বিশ্বকাপ মিশনে বাংলাদেশ দল আগামী ১৮ নভেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবে।
বিশ্বকাপের এই আসরটি ২৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১০ ডিসেম্বর। বাংলাদেশ পড়েছে ‘এফ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলো। এদিকে, রবিবার (আজ) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই জার্সি উন্মোচন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, দলের প্রধান কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিন এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
হকি ফেডারেশনের সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এটি একটি অন্যন্য মুহূর্ত। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দল ভালো পারফর্মেন্সের মাধ্যমে দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে। শৃঙ্খলাই সাফল্যের মূল চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সবসময় জয়লাভ করে। মাঠে ১১ জনের বিরুদ্ধেই ১১ জনের লড়াই হয়। প্রতিপক্ষ যেই হোক না কেন, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়বে এবং ভালো নৈপুণ্য দেখাবে, এটাই আমার প্রত্যাশা।”
সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, দল ১৮ নভেম্বর ভারতে যাবে। সেখানে বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রতিপক্ষ হিসেবে চিলি ও সুইজারল্যান্ডকে পাবে তারা।
হেড কোচ সিগফ্রিড আইকম্যান দলের প্রস্তুতি নিয়ে বলেন, “আমি খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণের ওপর বেশি কাজ করেছি। আধুনিক হকিতে সাফল্য মূলত গতি এবং দলগত সমন্বয়ের ওপরই নির্ভর করে। আমরা মাঠে সেটিরই প্রতিফলন রাখতে চাই।”
অধিনায়ক মেহরাব হাসান সামিন প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে বলেছেন, “আইকম্যানের মতো একজন বড় মাপের কোচের অধীনে অনুশীলন করায় দলের খেলার ধরনেও পরিবর্তন এসেছে। আমরা কোনো দলকে ভয় পাচ্ছি না (সমীহ করছি না), তবে প্রত্যেককেই সম্মান করি।”
জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ দল:
মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন (অধিনায়ক), রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।
রিপোর্টারের নাম 

























