সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ সংকটের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি ও তথ্য গোপন করে তেল মজুদের মাধ্যমে মুনাফা লোটার চেষ্টা করছে। এমন অভিযোগের ভিত্তিতে সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কারী গণপরিবহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ভাটিয়ারী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভাটিয়ারী ফিলিং স্টেশন নামক একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে সরকারি তথ্য গোপন এবং তেল মজুদের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়ায় মোবাইল কোর্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের ট্যাংকে ১ হাজার ১০০ লিটার অকটেন মজুদের তথ্য দিলেও, পরিমাপ করে দেখা যায় সেখানে অতিরিক্ত ১ হাজার ৬৯ লিটার অকটেন মজুত ছিল। এই তথ্য গোপন এবং সঠিক তথ্য প্রদানে গড়িমসি করার কারণে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
ইউএনও ফখরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পে যেন অবৈধভাবে তেল মজুদ বা পাচার করতে না পারে, সেজন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। বেশিরভাগ পাম্পের হিসাব সঠিক থাকলেও ভাটিয়ারী ফিলিং স্টেশনে অসঙ্গতি পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অলংকার-সীতাকুণ্ড রুটে চলাচলকারী তিনটি মিনি বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকটি বাসকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি করা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে। পরিবহন মালিক ও চালকদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
রিপোর্টারের নাম 

























