বগুড়ার শেরপুরে তিন ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঢাকা-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কে একটি খালি ট্রাক (বগুড়া ট-১১-০৭০০) গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় ‘সবুরা পরিবহন’ নামের একটি আলু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ঢাকাগামী ‘এসআই পরিবহন’ নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে শত শত গাড়ির যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























