চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর আরেফিন আক্তার (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার আমান বাজার বনফুলের পেছনে একটি তুলা ফ্যাক্টরিতে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা তুলার বস্তার নিচে লাশটি দেখতে পান। খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আরেফিন আক্তার ওই এলাকার মোহাম্মদ রবিউল ইসলামের মেয়ে। পরিবার জানিয়েছে, গত ২৬ মার্চ আরেফিন আক্তার নিখোঁজ হওয়ার পর থেকে তার কথিত মামা ফয়সাল পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























