পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা থানা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজসভার আয়োজন করেছে।
গত শনিবার জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে মনোরম পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
পরবর্তীতে, অংশগ্রহণকারীদের জন্য সামষ্টিক ভোজের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল আলম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা এস এম ইউসুফ, সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা সভাপতি আবু নসর মো. নঈম, সাবেক জেলা সভাপতি মাহফুল হক মাছুমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























