প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের সঙ্গে অতিরিক্ত জড়িয়ে থাকা বা একে পুরোপুরি ভুলে যাওয়া কোনোটিই দেশের জন্য মঙ্গলজনক নয়। তিনি মনে করেন, গত ১৭ বছরে অতীতের যে চর্চা হয়েছে, তা দেশের মূল ইতিহাসকে আড়ালে ফেলে দিয়েছে। এটি দেশের অগ্রগতির পথেও বাধা সৃষ্টি করছে।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা অনেক বড় হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
সরকারপ্রধান আরও জোর দিয়ে বলেন যে, আলোচনা, সমালোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবগাথাকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। অতীতকে মনে রাখা যেমন জরুরি, তেমনি অতীতের প্রতি অতিরিক্ত মনোযোগ ভবিষ্যতের পথকে রুদ্ধ করে দিতে পারে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার গৌরব নিয়ে আলোচনা ও গবেষণা অব্যাহত থাকবে। তবে, তিনি সতর্ক করে দেন যে, কোনো আলোচনা বা গবেষণার নামে এমন কিছু বলা উচিত নয় যা আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল ইতিহাসকে বিকৃত করে বা তার গুরুত্ব কমিয়ে দেয়।
রিপোর্টারের নাম 
























