সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ছয়টি ধাপে এবং আবেদন ফি বাবদ ৫৬ টাকা প্রদান করতে হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, এই পদের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই পদের বেতন ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের ১৯/০৭/২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮-এর মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে, সাধারণ পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের জন্য, সাধারণ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। সাধারণ নারী প্রার্থীদের ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি। নারী প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। পুরুষ ও নারী উভয়ের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। এই পদের জন্য অবিবাহিত প্রার্থীদেরই কেবল আবেদন করার সুযোগ রয়েছে; বিবাহিত বা তালাকপ্রাপ্তরা গ্রহণযোগ্য নন।
আগ্রহীরা বর্ডার গার্ড বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীকালে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ ৫৬ টাকা পরিশোধ করা যাবে। আবেদনের শেষ সময় ২ এপ্রিল ২০২৬।
রিপোর্টারের নাম 

























