দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি আশ্বস্ত করেছে যে, আগামীকাল শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তা অনভিপ্রেত। সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, তার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি তিনি কখনো দেখেননি এবং এই অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের সংযত হওয়ার অনুরোধ জানান।
বিবৃতিতে জ্বালানি সংকটের কারণ হিসেবে মার্চ মাসে সরকারি ছুটির আধিক্যকে দায়ী করা হয়েছে, যা জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়াকে কিছুটা ব্যাহত করেছে। এর ফলে দেশের বেশ কিছু স্থানে পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে, এই পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে সংগঠনটি জানিয়েছে।
আগামীকাল (শনিবার) থেকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























